চট্টগ্রামে অনুষ্ঠিত হল আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। গত ২৯-৩১ অক্টোবর চট্টগ্রাম কলেজ প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।তিন দিনে মোট ২০ ঘণ্টার এই কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলোর পাশাপাশি আলোচনা হয়েছে মহাকাশপ্রযুক্তি ও চলমান জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা নিয়ে। শুধু বক্তৃতা শোনার মধ্যেই এই আয়োজন সীমাবদ্ধ ছিল না।
শিক্ষার্থীদের জন্য ছিল হাতে-কলমে বিভিন্ন কাজ, কুইজ এবং টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের সুযোগ।কর্মশালার শুরুতে আয়োজনটির সমন্বয়ক আইনুন নওয়ার জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক আব্দুল জব্বারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এরপর শুরু হয় মূল কর্মসূচি।
প্রথম সেশনে ‘অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা’ বা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন হাসান মাহমুদ সজীব।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার পরের সেশনে জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্ক ব্যবস্থা ও এ-সংক্রান্ত জ্যামিতি নিয়ে কথা বলেন।
সূত্র: প্রথম আলো