ইসরায়েলে জাতীয় নির্বাচনে সবচেয়ে নজরকাড়া ঘটনাগুলোর একটি ছিল দেশটির প্রধান দুই আরব দলের জোরালো অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে দল দুটির সমর্থকেরা রেকর্ডসংখ্যক ভোট দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে ইসরায়েলের সম্প্রচারমাধ্যমগুলোর বুথফেরত জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে, আরব দল দুটি এবার বড় সাফল্য পেতে যাচ্ছে।
দল দুটি হলো সামাজিকভাবে রক্ষণশীল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) এবং বামপন্থী জয়েন্ট লিস্ট। বুথফেরত জরিপ অনুযায়ী, দল দুটি ইসরায়েলের পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আসন পেতে পারে। এতে দেশটির প্রধান দুই জোটের মধ্যে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বুথফেরত জরিপ হলো ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বেরিয়ে আসা ভোটারদের ওপর চালানো সমীক্ষা। এতে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা কাকে ভোট দিয়েছেন।
তাঁদের উত্তর বিশ্লেষণ করে নির্বাচনের সম্ভাব্য ফল সম্পর্কে ধারণা পাওয়া যায়।রাআমের নেতা মনসুর আব্বাস টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আরব ভোটারদের এই উপস্থিতি দেখিয়ে দিয়েছে, তাঁরা নিজেদের ‘হতাশা ও নিরাশা’কে ‘আশায়’ রূপান্তর করেছেন।
সূত্র: প্রথম আলো