রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো