গভীর রাতে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নীলক্ষেত মোড়ে মুখে কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তাঁদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।
তাঁরা এ হামলার নিন্দা জানান এবং এ ঘটনার জন্য কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছাকে দায়ী করেন। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ ক্যাম্পাসে অধ্যক্ষের মদদেই তাঁদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ নিজেদের নাম-পরিচয় প্রকাশ করেননি।
তাঁদের ভাষ্য, নাম-পরিচয় প্রকাশ করলে তাঁরা বিপদে পড়তে পারেন, এই আশঙ্কা থেকেই পরিচয় গোপন রেখে কর্মসূচিতে অংশ নিয়েছেন।শিক্ষার্থীরা কর্মসূচিতে তাঁদের দুই দফা দাবি তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো